বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর প্রতি জাপার শতভাগ আস্থা আছে : মুজিবুল হক চুন্নু

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩ ১:০১ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর জাতীয় পার্টির (জাপা) শতভাগ আস্থা রয়েছে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি বলেছেন, ৭ জানুয়ারির আগে আওয়ামী লীগের সঙ্গে বৈঠক চলবে। তিনি বলেন, ‘বৈঠক যেহেতু নির্বাচনকেন্দ্রিক, তাই ৭ জানুয়ারির আগে দফায় দফায় বৈঠক চলবে।’

আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে জাপা মহাসচিব সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে তিনি জানান, আজ রাতেও আওয়ামী লীগের সঙ্গে আলোচনা হবে।

চুন্নু বলেন, ‘আমরা জনগণের কাছে আসন চাই। কোনও দলের কাছে চাই না। আওয়ামী লীগের সঙ্গে ভোটের পরিবেশ নিয়ে আলোচনা হয়েছে। আপনারা যেটা ইঙ্গিত দিচ্ছেন—সেটা নিয়ে যে আলোচনা হয়নি তা নয়, অনেক কিছু নিয়ে আলোচনা হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর প্রতি আমাদের শতভাগ আস্থা রয়েছে। ইতোমধ্যে ক্ষমতাসীনদের সঙ্গে যে বৈঠক হয়েছে সেখানে তাদের ব্যবহারে মনে হয়েছে—আমাদের ওপরও তাদের যথেষ্ট আস্থা রয়েছে।’

সরকারের অধীনে ভোট হচ্ছে না জানিয়ে জাপা মহাসচিব বলেন, ‘নির্বাচন হচ্ছে নির্বাচন কমিশনের (ইসি) অধীনে। নির্বাচনের সময়ে আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসনের কর্মকর্তাসহ যারাই নির্বাচনি কাজে জড়িত, সবাই ইসির অধীন।’

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD