বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

নলছিটিতে খোলা আকাশের নিচে প্রসব করলেন মানসিক ভারসাম্যহীন নারী

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ১:৩১ অপরাহ্ণ

ঝালকাঠির নলছিটিতে খোলা আকাশের নিচে ফুটফুটে এক পুত্রসন্তান প্রসব করেছেন মানসিক ভারসাম্যহীন এক অসহায় নারী। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার দপদপিয়া ইউনিয়নের জুরকাঠি এলাকায় এই মানবিক ও মর্মান্তিক ঘটনাটি ঘটে। হঠাৎ করে এমন একটি ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং স্থানীয় সাধারণ মানুষ এগিয়ে আসেন নবজাতক ও ওই প্রসূতিকে সহায়তার জন্য।

স্থানীয় বাসিন্দা ইমন হাওলাদার গণমাধ্যমকে জানান, সন্ধ্যার দিকে হঠাৎ করেই ওই নারীর প্রসববেদনা শুরু হয়। এলাকার কিছু সচেতন নারী বিষয়টি দেখতে পেয়ে দ্রুত এগিয়ে আসেন এবং তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা করেন। কোনো ধরনের চিকিৎসাসেবা বা হাসপাতালের সুযোগ ছাড়াই খোলা আকাশের নিচে ওই নারী একটি পুত্রসন্তানের জন্ম দেন। শীতের আমেজে এমন পরিস্থিতিতে মা ও নবজাতক উভয়ের জন্যই মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছিল।

পরবর্তীতে স্থানীয় লোকজনের উদ্যোগে এবং মানবিক সহায়তায় মা ও নবজাতককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়। স্থানীয়রা জানান, মানসিক ভারসাম্যহীন হওয়ার কারণে ওই নারী নিজের পরিচয় বা ঠিকানা বলতে পারছেন না। তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন। বর্তমানে মা ও নবজাতক উভয়েই সুস্থ আছেন এবং স্থানীয়দের তত্ত্বাবধানে তাদের প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ করা হচ্ছে। এই ঘটনায় সমাজের বিত্তবান ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে মানসিক ভারসাম্যহীন এই প্রসূতির সুচিকিৎসা এবং নবজাতকের পুনর্বাসনের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD