বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

বিএনপির যুগ্ম মহাসচিব সোহেলের বাসায় পুলিশ পরিচয়ে অভিযানের অভিযোগ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩ ৮:০৪ পূর্বাহ্ণ

রাজধানীতে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেলের বাসায় পুলিশ পরিচয়ে সাদা পোশাকধারী কিছু ব্যক্তি অভিযান চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২৭ নভেম্বর) আনুমানিক রাত ৮টার দিকে তার বাসায় অভিযান চালিয়ে এক আত্মীয়কে তুলে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন পরিবারের সদস্যদের। তবে এ সময় বাসায় ছিলেন না সোহেল।

মঙ্গলবার (২৮ নভেম্বর) পরিবারের সদস্যদের বরাত দিয়ে বিএনপি মিডিয়া উইং এর সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।

ঘটনাস্থলে উপস্থিত থাকা হাবিব-উন নবীর ব্যক্তিগত কর্মকর্তা সুমন হোসেন সাংবাদিকদের বলেন, রাত ৮টার দিকে তানভীর আহমেদ নামে এক আত্মীয় হাবিব-উন-নবীর বাসায় যাচ্ছিলেন। পথে সাদা পোশাকে কয়েকজন ব্যক্তি তাকে আটক করেন। পরে তানভীরকে নিয়েই তারা হাবিব-উন-নবীর বাসায় যান।

অভিযানে আসা ব্যক্তিরা নিজেদের পুলিশের সদস্য বলে পরিচয় দেন উল্লেখ করে তিনি আরও বলেন, তাদের কাছে ওয়াকি-টকি কিংবা ডিবির জ্যাকেট ছিল না। তারা বাসায় ঢুকে দুটি কক্ষে তল্লাশি করেন। পরে তানভীরকে সঙ্গে করে নিয়ে চলে যান। এখন তানভীর কোথায় আছেন পরিবারের সদস্যরা খোঁজ পাচ্ছেন না বলে জানান।

উল্লেখ্য, বেশ কয়েকটি মামলার আসামি হাবিব-উন নবী খান সোহেল পলাতক আছেন। সর্বশেষ গত ২০ নভেম্বর নাশকতার একটি মামলায় হাবিব-উন নবী খান সোহেলকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ঢাকার একটি আদালত।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD