দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় প্রথমবারের মতো সুস্বাদু আনারকলি ফল চাষ করে অভাবনীয় সফলতার মুখ দেখেছেন স্থানীয় উদ্যোক্তা আহমেদ রিপন। তার এই সাফল্যে পুরো এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং কৃষি অঙ্গনে নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচিত হয়েছে। প্রচলিত পেশার বাইরে এসে সম্পূর্ণ নতুন এই ফল চাষের মাধ্যমে তিনি এখন এলাকার যুবসমাজ ও নতুন উদ্যোক্তাদের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন।
ফুলবাড়ী উপজেলার সুজাপুর গ্রামের কৃতি সন্তান রায়হান আহমেদ রিপন পেশায় একজন ফ্রিল্যান্সার। তথ্যপ্রযুক্তির এই যুগে ঘরে বসে অনলাইনে আয়ের পাশাপাশি কৃষির প্রতি তার আজন্ম ভালোবাসা থেকেই তিনি এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেন। নিজ জমিতে সম্পূর্ণ পরীক্ষামূলকভাবে আনারকলি ফল চাষ শুরু করেন তিনি। ফলটি এই অঞ্চলে সম্পূর্ণ নতুন হওয়ায় শুরুতে অনেকেই এর ফলন নিয়ে সংশয়ে ছিলেন। তবে আধুনিক কৃষি পদ্ধতি ও নিজের নিরলস পরিচর্যার মাধ্যমে তিনি আশাতীত ফলন পেতে সক্ষম হয়েছেন।
প্রথমবার চাষেই ফলন ভালো হওয়ায় এবং ফলের আকার ও স্বাদ চমৎকার হওয়ায় বাজারে এর ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। স্থানীয় উৎসুক মানুষ ও বিভিন্ন প্রান্তের উদ্যান চাষিরা তার এই বাগান দেখতে ভিড় জমাচ্ছেন। সাংবাদিকদের এই সফলতার কথা জানিয়ে আহমেদ রিপন বলেন, সঠিক পরিকল্পনা ও পরিচর্যা থাকলে কৃষিতেও বড় ধরনের সাফল্য অর্জন করা সম্ভব। তার এই সাফল্যে অনুপ্রাণিত হয়ে এখন অনেক বেকার যুবক ও নতুন উদ্যোক্তা আনারকলি চাষে আগ্রহ প্রকাশ করছেন এবং তিনি তাদের সাধ্যমতো পরামর্শ ও সহযোগিতা প্রদান করছেন।
আরববাংলা টিভি/ডেস্ক