শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

অস্ট্রেলিয়া নির্বাচনে মাসুদ খলিলের প্রার্থিতা ঘোষণা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ ৭:০২ অপরাহ্ণ

বাংলাদেশি বংশোদ্ভূত কৃতি রাজনীতিবিদ ও কাউন্সিলর মাসুদ খলিল অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস স্টেটের আগামী সংসদ নির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। শনিবার সন্ধ্যায় অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনিতে অবস্থিত ঐতিহ্যবাহী রন মুর কমিউনিটি সেন্টারে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তিনি এই ঐতিহাসিক ঘোষণা দেন। প্রবাসী বাংলাদেশিদের মাঝে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি এবং মূলধারার রাজনীতিতে তাদের প্রতিনিধিত্ব জোরালো করার ক্ষেত্রে এই ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

অনুষ্ঠানে স্থানীয় প্রবাসী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং অস্ট্রেলিয়ার মূলধারার রাজনীতির বিভিন্ন স্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তব্যে মাসুদ খলিল তার দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা এবং কমিউনিটি সেবার নানা দিক তুলে ধরে বলেন, তিনি নির্বাচিত হলে সাধারণ মানুষের অধিকার আদায় এবং স্থানীয় এলাকার উন্নয়নে আরও নিবেদিতভাবে কাজ করবেন। অস্ট্রেলিয়ার বহংস্কৃতিক সমাজে অভিবাসীদের অধিকার রক্ষা এবং নাগরিক সুযোগ-সুবিধা সমবন্টনে তার এই উদ্যোগ প্রবাসী বাংলাদেশিদের মুখ উজ্জ্বল করবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস স্টেটের রাজনীতিতে বাংলাদেশিদের অংশগ্রহণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর আগে বিভিন্ন স্থানীয় কাউন্সিলে বাংলাদেশিরা সাফল্য অর্জন করলেও স্টেট পার্লামেন্টের নির্বাচনে এমন স্বতন্ত্র ও জোরালো প্রার্থিতা প্রবাসী সমাজে এক নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে। আগামী নির্বাচনকে কেন্দ্র করে মাসুদ খলিল ইতিমধ্যে তার নির্বাচনী প্রচারণায় নানামুখী পরিকল্পনা গ্রহণ করেছেন এবং স্থানীয় ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে সমর্থন আদায়ের কাজ শুরু করে দিয়েছেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD