শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

দেশের প্রথম শতভাগ রোভার জেলা কিশোরগঞ্জ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ ৮:৫৮ অপরাহ্ণ

দেশের প্রথম শতভাগ রোভার জেলা হিসেবে কিশোরগঞ্জের গৌরব অর্জন এবং জেলা রোভারের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক জাঁকজমকপূর্ণ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে জেলা স্কাউটস ও কিশোরগঞ্জ জেলা রোভারের উদ্যোগে এই বিশেষ আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদ্‌যাপন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কিশোরগঞ্জ জেলা রোভার স্কাউটিংয়ের ক্ষেত্রে এক অনন্য মাইলফলক স্পর্শ করেছে। দেশের প্রথম শতভাগ রোভার জেলা হিসেবে এই স্বীকৃতি পুরো অঞ্চলের তরুণ সমাজ ও স্কাউট আন্দোলনকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নৈতিকতা ও দেশপ্রেমের বীজ বপনে রোভার স্কাউটরা অগ্রণী ভূমিকা পালন করে আসছে বলে তারা অভিমত ব্যক্ত করেন।

স্কাউটিং আন্দোলনের সুদূর প্রসারী লক্ষ্য ও যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে কীভাবে একটি মানবিক ও দক্ষ জাতি গঠন করা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বর্তমান যুগে তরুণ প্রজন্মের সঠিক মানসিক বিকাশ এবং নেতৃত্ব গুণাবলি অর্জনে রোভার স্কাউটিংয়ের গুরুত্ব অপরিসীম বলে উল্লেখ করেন আলোচকরা।

আলোচনা সভা শেষে এক আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, স্কাউট আন্দোলনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও রোভার স্কাউট সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD