শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের পাঁচ গ্রামের মানুষের চলাচলের প্রায় দুই কিলোমিটার দীর্ঘ কাঁচা সড়কটি পাকা হচ্ছে না। সড়কটির সংস্কার, প্রশস্তকরণ ও পাকাকরণের কোনো উদ্যোগ না থাকায় এলাকার হাজারো মানুষকে প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্বাধীনতার পর থেকেই এই সড়কটি সংস্কার ও উন্নয়নের দাবি জানিয়ে আসছেন স্থানীয় বাসিন্দারা, কিন্তু দীর্ঘ সময়েও কাঙ্ক্ষিত কোনো উন্নয়ন হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সামান্য বৃষ্টি হলেই সড়কটি চলাচলের পুরোপুরি অনুপযোগী হয়ে পড়ে। কাঁচা মাটি ও কাদায় একাকার হয়ে যাওয়ায় রিকশা, ভ্যান বা বাইসাইকেল তো দূরের কথা, পায়ে হেঁটে চলাও কষ্টকর হয়ে দাঁড়ায়। এলাকার স্কুল-কলেজের শিক্ষার্থী, অসুস্থ রোগী এবং প্রবীণদের চলাচলে সবচেয়ে বেশি বিপাকে পড়তে হয়। উৎপাদিত কৃষিপণ্য সময়মতো বাজারে নিতে না পেরে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন কৃষকরা।
এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে সাংবাদিকদের বলেন, স্বাধীনতার এত বছর পরও আমাদের এই সড়কটি পাকা করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। নির্বাচন আসলে প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের পর আর কেউ খোঁজ রাখেন না। এলাকাবাসীর প্রাণের দাবি, দ্রুত সময়ের মধ্যে সড়কটি পাকাকরণ করা হোক, যাতে তাদের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগের অবসান ঘটে।
আরববাংলা টিভি/ডেস্ক