ভারতের রাজনীতিতে দীর্ঘদিন ধরে নির্বাচনি সাফল্যের জন্য লড়াই করছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তবে তরুণদের অসন্তোষ, শিক্ষাব্যবস্থায় অনিয়ম এবং ভোটার তালিকা থেকে বিপুলসংখ্যক মানুষের নাম বাদ পড়ার বিতর্ককে কেন্দ্র করে নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে নতুন করে সরব হয়েছেন তিনি। ভারতীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তরুণ প্রজন্মের ক্রমবর্ধমান ক্ষোভ এবং হতাণাকে নিজের রাজনৈতিক পুঁজি করে ঘুরে দাঁড়ানোর এক বড় সুযোগ দেখছেন এই কংগ্রেস নেতা।
সম্প্রতি দেশটির বিভিন্ন স্থানে বেকারত্ব, কর্মসংস্থানের অভাব এবং শিক্ষাক্ষেত্রে নানা অনিয়মের বিরুদ্ধে তরুণদের যে স্বতঃস্ফূর্ত আন্দোলন গড়ে উঠেছে, তার সাথে সংহতি প্রকাশ করেছেন রাহুল গান্ধী। তিনি মনে করছেন, এই ক্ষোভকে সংগঠিত করতে পারলে তা আসন্ন নির্বাচনগুলোতে ক্ষমতাসীন দল বিজেপির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। পাশাপাশি, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার মতো স্পর্শকাতর বিষয়গুলো সামনে এনে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন তিনি, যা বিরোধী দলগুলোকে একটি অভিন্ন প্ল্যাটফর্মে আনতে সহায়তা করতে পারে বলে মনে করা হচ্ছে।
বিশ্লেষকরা বলছেন, রাহুল গান্ধীর এই কৌশল কতখানি সফল হবে তা নির্ভর করবে মূলত সাধারণ মানুষ এবং বিশেষ করে তরুণ সমাজ তার ডাকে কতটা সাড়া দেয় তার ওপর। তবে দীর্ঘদিন ধরে কোণঠাসা থাকা কংগ্রেসের জন্য মোদি সরকারের বিরুদ্ধে এই যুব অসন্তোষকে কাজে লাগানোর প্রচেষ্টা একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক মোড় হিসেবে দেখা হচ্ছে। দেশটির গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রাহুল গান্ধী জানিয়েছেন, তরুণদের অধিকার রক্ষায় এবং একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে তাদের এই আন্দোলন আরও জোরদার করা হবে।
আরববাংলা টিভি/ডেস্ক