মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

শাহজালালে ১৫ মিনিটেই মিলছে লাগেজ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ ১০:৫৪ অপরাহ্ণ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাইভ ব্যাগেজ মনিটরিং কার্যক্রম চালুর পর মাত্র ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে লাগেজ পাওয়ার কথা জানিয়েছেন যাত্রীরা। সোমবার সন্ধ্যায় বিমানবন্দর পরিদর্শনে গিয়ে স্বয়ং যাত্রীদের সঙ্গে কথা বলে এই তথ্য নিশ্চিত করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। দীর্ঘদিন ধরে যাত্রীদের লাগেজ প্রাপ্তি নিয়ে নানা ধরনের ভোগান্তি ও দীর্ঘসূত্রিতার অভিযোগ ছিল। বর্তমান সরকারের কার্যকর পদক্ষেপে সেই পরিস্থিতির দৃশ্যমান উন্নতি ঘটেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সন্ধ্যায় বিমানবন্দরের বিভিন্ন টার্মিনাল ও ব্যাগেজ বেল্ট এলাকা ঘুরে দেখেন বিমানমন্ত্রী। এ সময় তিনি প্রবাসসহ বিভিন্ন দেশ থেকে আসা যাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের যাত্রাপথের অভিজ্ঞতা শোনেন। যাত্রীরা জানান, বিমানবন্দর কর্তৃপক্ষের নতুন এই তদারকি ব্যবস্থার কারণে এখন লাগেজ পেতে আগের মতো ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় না। বিমান খাতের এই ইতিবাচক পরিবর্তনে যাত্রীরা সন্তোষ প্রকাশ করেছেন।

গণমাধ্যমকে জানান মন্ত্রী বলেন, বর্তমান সরকারের মূল লক্ষ্য হলো যাত্রীদের সেবার মান সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া এবং কোনো ধরনের অবহেলা বরদাস্ত না করা। অতীতে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে বিমান খাতে নানামুখী অব্যবস্থাপনা ও দুর্নীতির রাজত্ব কায়েম হয়েছিল, যার ফলে যাত্রীদের প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাতে হতো। এমনকি কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে দেশের গুরুত্বপূর্ণ এই খাতগুলো ছিল লুটপাটের আখড়া। তবে এখন জনগণের সরকার দেশের প্রতিটি সেক্টরে সুশাসন ও গতিশীলতা ফিরিয়ে আনতে বদ্ধপরিকর।

মন্ত্রী আরও জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের সেবাকেন্দ্রে রূপান্তর করতে বর্তমান সরকারের নির্দেশনায় বিভিন্ন সংস্কারমূলক কাজ চলমান রয়েছে। লাইভ ব্যাগেজ মনিটরিংয়ের পাশাপাশি ইমিগ্রেশন ও কাস্টমস প্রক্রিয়ায় আরও গতিশীলতা আনতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে যাত্রীদের কোনো ধরনের হয়রানি ছাড়াই দ্রুত সেবা প্রদান নিশ্চিত করতে মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD