মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

‘সুপারম্যান’ খ্যাত অভিনেত্রী ভ্যালেরি মারা গেছেন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬ ১১:৫৬ পূর্বাহ্ণ

রিচার্ড ডনারের কালজয়ী সিনেমা ‘সুপারম্যান’-এ লেক্স লুথরের প্রেমিকা মিস টেশমাচার চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া হলিউড অভিনেত্রী ভ্যালেরি পেরিন মারা গেছেন। সোমবার (২৩ মার্চ) ৮২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অস্কার মনোনীত এই তারকা। চলচ্চিত্র নির্মাতা স্টেসি সাউদার বিষয়টি নিশ্চিত করেছেন।

দীর্ঘদিন ধরে পারকিনসন রোগে ভুগছিলেন ভ্যালেরি। ২০১৫ সালে তার শরীরে এই রোগ শনাক্ত হয়। অসুস্থতার সঙ্গে তার লড়াই নিয়ে নির্মাতা স্টেসি সাউদার ২০১৯ সালে ‘ভ্যালেরি’ শিরোনামে ৪৫ মিনিটের একটি তথ্যচিত্র নির্মাণ করেন।

২০২৩ সালে হলিউড রিপোর্টারের এক প্রতিবেদনে পেরিন ও তার ভাইয়ের অসুস্থতার বিস্তারিত উঠে আসে, যেখানে স্টেসি সাউদার এই দুই ভাই-বোনের দেখাশোনার দায়িত্ব নেওয়ার কথা জানিয়েছিলেন। ভ্যালেরি পেরিনের ক্যারিয়ার শুরু হয়েছিল লাস ভেগাসের শো-গার্ল হিসেবে।

তবে ব্যক্তিগত জীবনে একের পর এক ট্র্যাজেডি তাকে তাড়া করে বেরিয়েছে। তার বাগদত্তা এক বন্দুক আমদানিকারক দুর্ঘটনাবশত নিজের বুকে গুলি চালিয়ে মারা গেলে সেই কাজ ছেড়ে লস অ্যাঞ্জেলেসে চলে আসেন তিনি। সেখানে প্রখ্যাত হেয়ারড্রেসার জে সেব্রিংয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু দুর্ভাগ্যবশত জে সেব্রিংও শ্যারন টেটের বাড়িতে ‘ম্যানসন ফ্যামিলি’র হাতে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন।

লস অ্যাঞ্জেলেসের এক ডিনার পার্টিতে একজন ট্যালেন্ট এজেন্টের নজরে পড়ার পর ভ্যালেরির ভাগ্য বদলে যায়। ১৯৭২ সালে ‘স্লটারহাউজ ফাইভ’ এবং ১৯৭৩ সালে ‘দ্য লাস্ট আমেরিকান হিরো’ সিনেমায় অভিনয় করে তিনি আলোচনায় আসেন।

একই বছর ‘স্টিমবাথ’ নামক নাটকে অভিনয়ের মাধ্যমে মার্কিন টিভিতে প্রথম অভিনেত্রী হিসেবে সাহসী উপস্থিতির জন্য বেশ পরিচিতি লাভ করেন তিনি। বব ফস পরিচালিত ১৯৭৪ সালের ‘লেনি’ সিনেমায় লেনি ব্রুসের স্ত্রীর চরিত্রে অসাধারণ অভিনয়ের জন্য তিনি অস্কারে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছিলেন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD