নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জন্য তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। সোমবার বিকেলে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। কার্যক্রমের শুভসূচনার মধ্য দিয়ে স্থানীয় সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনীর সুফল সরাসরি প্রকৃত প্রাপ্যদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্যই এই ফ্যামিলি কার্ড বিতরণ প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে সাধারণ মানুষ সঠিক সেবা থেকে বঞ্চিত হয়েছিল। তবে বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে প্রতিটি জনকল্যাণমূলক উদ্যোগ স্বচ্ছতার সাথে বাস্তবায়নের ওপর জোর দেওয়া হচ্ছে।
তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মী এবং সাধারণ জনতা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভবিষ্যতে সরকারের বিভিন্ন ধরনের সহায়তা কার্যক্রম আরও সুশৃঙ্খলভাবে পরিচালনা করা সম্ভব হবে। কুতুবপুর ইউনিয়নের পাশাপাশি পর্যায়ক্রমে অন্যান্য অঞ্চলেও এই কার্যক্রম বিস্তৃত করা হবে বলে গণমাধ্যমকে জানান স্থানীয় জনপ্রতিনিধিরা।
আরববাংলা টিভি/ডেস্ক