বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের এই সময়ের অন্যতম জনপ্রিয় ও শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী অপু আমান। সঙ্গীতবোদ্ধাদের মতে, অপু আমানের কণ্ঠে যে অনন্য গায়কী রয়েছে, তাঁকে সঠিক ও নিয়মিত কাজের সুযোগ দেওয়া হলে তিনি অনন্য উচ্চতায় অবস্থান করতেন। তবে নানা চড়াই-উৎরাই পেরিয়ে গানের জগতে তাঁর বর্তমান অর্জনও কম নয়। তাঁর নিবেদন ও সুরের প্রতি গভীর অনুরাগ তাঁকে সমসাময়িক শিল্পীদের মধ্যে আলাদা পরিচিতি এনে দিয়েছে। এরই ধারাবাহিকতায় জনপ্রিয় ভারতীয় বাংলা গান গেয়ে বা সুরের কাজ করে আবারও আলোচনায় এসেছেন এই প্রতিভাবান শিল্পী।
সম্প্রতি কোলকাতার প্রখ্যাত সঙ্গীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর জনপ্রিয় তিনটি গানের সুর পুনর্নির্মাণ করেছেন অপু আমান। গানগুলোর নতুন এই সঙ্গীতায়োজন ও সুরের বুনন শ্রোতামহলে ইতিমধ্যে বেশ প্রশংসিত হয়েছে। নচিকেতার গানে নিজস্ব স্বকীয়তা বজায় রেখে অপু আমান যেভাবে নতুন সুরের আবহ তৈরি করেছেন, তা সঙ্গীতপ্রেমীদের মনে গভীর রেখাপাত করেছে। শিল্পী নিজে গণমাধ্যমকে জানান, কিংবদন্তি এই শিল্পীর কাজের প্রতি শ্রদ্ধা থেকেই তিনি এই উদ্যোগ নিয়েছেন এবং গানগুলোর মূল আবেগ অটুট রেখেই নতুনত্ব আনার চেষ্টা করেছেন।
সঙ্গীত চর্চার এই দীর্ঘ পথচলায় অপু আমান বহু প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন। তবে গানপ্রেমী মানুষ ও শ্রোতাদের ভালোবাসাই তাঁকে সবসময় সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জুগিয়েছে। বর্তমান প্রজন্মের কাছে মানসম্মত ও রুচিশীল গান পৌঁছে দেওয়ার যে ব্রত তিনি নিয়েছেন, এই কাজটি সেই যাত্রাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে বলে বিশ্বাস করেন সঙ্গীত সংশ্লিষ্টরা। অপু আমানের এই নতুন সৃষ্টি বাংলা গানের ভাণ্ডারকে আরও সমৃদ্ধ করবে এবং দুই বাংলার শ্রোতাদের মাঝে সেতুবন্ধন হিসেবে কাজ করবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।
আরববাংলা টিভি/ডেস্ক