সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল আলম সম্প্রতি নীলফামারীর ঐতিহাসিক সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে গিয়ে রেলকোচ সংস্কারকাজের মান নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছেন। ঐতিহ্যবাহী এই কারখানার উৎপাদনশীলতা বাড়াতে এবং রেলওয়ের যাত্রিসেবা আরও উন্নত করতে বর্তমান সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবেই মন্ত্রীর এই আকস্মিক পরিদর্শন বলে জানা গেছে।
পরিদর্শনকালে মন্ত্রী কারখানার বিভিন্ন শপ ঘুরে দেখেন এবং সেখানে সংস্কারাধীন রেলকোচগুলোর কাজের মান নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। কাজের মান সন্তোষজনক না হওয়ায় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের তীব্র ভর্ৎসনা করেন এবং কাজের মান উন্নয়নে কঠোর নির্দেশ প্রদান করেন। তিনি স্পষ্টভাষায় জানিয়ে দেন যে, যাত্রীদের নিরাপত্তা এবং আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করার ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা অবহেলা বরদাস্ত করা হবে না।
সাংবাদিকদের বলেছেন, সৈয়দপুর রেলকারখানা আমাদের দেশের একটি গুরুত্বপূর্ণ সম্পদ। একসময়ের স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলের অব্যবস্থাপনা এবং দুর্নীতির কারণে এই খাতের কাঙ্ক্ষিত উন্নয়ন ব্যাহত হয়েছিল। বর্তমান সময়ে জনগণের প্রত্যাশা পূরণে রেলওয়ের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
পরিদর্শন শেষে মন্ত্রী কারখানার শ্রমিক ও প্রকৌশলীদের সাথে সংক্ষিপ্ত বৈঠক করেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। তিনি আশ্বস্ত করেন যে, রেল খাতের আধুনিকায়নে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে, তবে কাজের গুণগত মানে কোনো ছাড় দেওয়া হবে না। অচিরেই এই কারখানার কার্যকারিতা আরও বাড়াতে একটি উচ্চপর্যায়ের মনিটরিং টিম গঠন করা হবে বলেও তিনি গণমাধ্যমকে জানান।
আরববাংলা টিভি/ডেস্ক