সার ডিলারশিপ নিয়োগে ব্যাপক দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগে ফুঁসে উঠেছেন কৃষকসহ সাধারণ মানুষ। এই অনিয়মের প্রতিবাদে দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি অব্যাহত রয়েছে। সাধারণ কৃষকদের মাঝে ক্ষোভ এমন পর্যায়ে পৌঁছেছে যে, যেকোনো সময় বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ বা অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় সচেতন মহল। কৃষি খাতের এই গুরুত্বপূর্ণ উপাদানটি সিন্ডিকেটের কবলে চলে যাওয়ায় প্রান্তিক চাষিরা চরম বিপাকে পড়েছেন।
দিনাজপুরের ফুলবাড়ী প্রতিনিধি সাংবাদিকদের জানিয়েছেন, দিনাজপুরের ফুলবাড়ীতে সারের ডিলারশিপ নিয়ে আবেদনকারীদের মাঝে তীব্র অসন্তোষ বিরাজ করছে। ডিলার নিয়োগ প্রক্রিয়ায় স্বজনপ্রীতি ও দুর্নীতির আশ্রয় নেওয়ার অভিযোগ তুলে স্থানীয় কৃষকরা ক্ষোভ প্রকাশ করেছেন। অবিলম্বে এই দুর্নীতিবাজ ডিলারদের লাইসেন্স বাতিল করে প্রকৃত কৃষকদের মধ্য থেকে সৎ ও যোগ্য ডিলার নিয়োগের দাবি জানানো হয়েছে। অন্যথায় আরও কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দিয়েছেন স্থানীয় কৃষকসমাজ।
বিশ্লেষকদের মতে, সার ব্যবস্থাপনায় দীর্ঘদিন ধরে চলা অনিয়ম ও দুর্নীতির অবসান না হলে খাদ্য উৎপাদন ব্যাহত হতে পারে। অতীতে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলেও কৃষকদের নানাভাবে হয়রানি করা হয়েছিল এবং সিন্ডিকেটের মাধ্যমে সার সংকট তৈরি করা হয়েছিল। বর্তমান পরিস্থিতিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে এবং ডিলারশিপ প্রক্রিয়া স্বচ্ছ করবে এমনটাই প্রত্যাশা দেশবাসীর।
আরববাংলা টিভি/ডেস্ক