রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে এবং মাঠ পুনরুদ্ধারের দাবিতে টানা তৃতীয় দিনের কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার এই বিক্ষোভ ও অবরোধ কর্মসূচির ফলে ওই গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, যার ফলে নগরবাসীর যাতায়াতে চরম দুর্ভোগ সৃষ্টি হয়।
জানা গেছে, এদিন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে এসে সড়ক অবরোধ করেন। তাদের দাবি, শিক্ষা ও গবেষণার পরিবেশ রক্ষার্থে কৃষির জন্য বরাদ্দকৃত এই উন্মুক্ত মাঠে কোনো প্রশাসনিক স্থাপনা বা সচিবালয় নির্মাণ করা চলবে না। এর আগেও বিভিন্ন সময় শিক্ষার্থীরা এই হটকারী সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন এবং মাঠটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত রাখার দাবি তুলেছেন।
শিক্ষার্থীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তাদের দাবি না মানা হলে আন্দোলন আরও কঠোর করা হবে। এই পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। অন্যদিকে, সংশ্লিষ্ট কতৃপক্ষের তরফ থেকে এখনো কোনো সুনির্দিষ্ট আশ্বাসের বাণী আসেনি, যার ফলে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ আরও বেশি মাত্রায় দানা বেঁধে উঠছে।
আরববাংলা টিভি/ডেস্ক