বাংলা চলচ্চিত্রের নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় ও নন্দিত চিত্রনায়িকা শাবনাজের জন্মদিন আজ। বিশেষ কোনো বড় আয়োজন না থাকলেও পারিবারিকভাবে নিজের মতো করেই দিনটি উদযাপন করছেন এই বরেণ্য অভিনেত্রী। নব্বইয়ের দশকে ঢাকাই চলচ্চিত্রে রোমান্টিক ধারার ছবিগুলোতে তার অভিনয় দর্শকদের হৃদয়ে গভীর দাগ কেটেছিল। শাবনাজ শুধু একজন অভিনেত্র নন, তিনি ছিলেন সেসময়ের তরুণ প্রজন্মের ফ্যাশন ও আইকনিক তারকার প্রতীক।
জন্মদিনের অনুভূতি প্রকাশ করে শাবনাজ গণমাধ্যমকে জানান, মহান আল্লাহর কাছে অসীম কৃতজ্ঞতা যে তিনি আমাকে সুন্দর এক জীবন উপহার দিয়েছেন। পাশাপাশি তিনি তার ভক্ত-অনুসারী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন যারা দীর্ঘ দিন ধরে তাকে ভালোবেসে আসছেন এবং তার কাজের প্রতি নিজেদের সমর্থন যুগিয়ে যাচ্ছেন।
নব্বইয়ের দশকের শুরুতে চলচ্চিত্রে পা রেখে একের পর এক হিট ছবি উপহার দেন শাবনাজ। তার অভিনীত চলচ্চিত্রগুলো আজও দর্শকদের মনে সোনালী দিনের স্মৃতি ফিরিয়ে আনে। ব্যক্তিগত জীবনে তিনি আরেক জনপ্রিয় চিত্রনায়ক নাঈমের সঙ্গে ঘর বেঁধেছেন এবং বর্তমানে সংসার ও পরিবার নিয়েই তার ব্যস্ত সময় কাটছে। চলচ্চিত্রাঙ্গন থেকে দূরে থাকলেও তার অনুরাগীদের মনে তার জনপ্রিয়তা এখনও অমলিন রয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক