বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, মাদ্রাসা নিয়ে হাজার অবহেলা, অবজ্ঞা ও ষড়যন্ত্র চলছে। সরকারি আলিয়া মাদ্রাসাগুলো এখন ভূতুড়ে মরুভূমিতে পরিণত হয়েছে। এমপিওভুক্ত যেসব মাদ্রাসা আছে, সেগুলোর অবস্থাও ভালো না। সিলেবাসকে সংকুচিত করা হয়েছে।
তিনি আরও বলেন, অতীতে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য নানা ধরনের ষড়যন্ত্র করা হয়েছে। নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন শিক্ষা অর্জন বাধাগ্রস্ত করতেই মাদরাসা শিক্ষা ব্যবস্থার ওপর বারবার আঘাত হানা হয়েছে। কিন্তু এদেশের তৌহিদী জনতা এবং মাদরাসার ছাত্র-শিক্ষকরা সব ষড়যন্ত্র সাহসিকতার সাথে মোকাবিলা করে আসছেন।
তিনি দৃঢ় কন্ঠে উল্লেখ করেন, যারা দ্বীনি শিক্ষা ও মাদরাসাকে অবজ্ঞা করবেন, তারা দুনিয়াতেও অসম্মানিত হবেন এবং আখেরাতেও তাদের জন্য কঠিন পরিণতি অপেক্ষা করছে। মাদরাসা শিক্ষাকে মূলধারার শিক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ করে এর মান আরও উন্নত করতে হবে এবং সরকারের পক্ষ থেকে উপযুক্ত সহযোগিতা প্রদান নিশ্চিত করতে হবে বলে তিনি গণমাধ্যমকে জানান।
আরববাংলা টিভি/ডেস্ক