সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হয়েছে ষষ্ঠ হজ সম্মেলন ও প্রদর্শনী। এই আন্তর্জাতিক আয়োজনে হজযাত্রা আরও নির্বিঘ্ন ও সহজতর করতে সমন্বিত ব্যবস্থাপনার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। হজ ব্যবস্থাপনার সঙ্গে জড়িত বিভিন্ন দেশ ও সংস্থার প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করেন।
একটি বিমান সংস্থা নির্ধারিত সময়ে কোনো হজযাত্রীকে সৌদি আরবে পৌঁছে দিতে পারে। একটি পরিবহন সংস্থা তাদের বাসগুলো প্রস্তুত রাখতে পারে। মক্কার একটি হোটেলও হজযাত্রীর জন্য কক্ষ প্রস্তুত রাখতে পারে। কিন্তু এসব সেবার মধ্যে সমন্বয়ের ঘাটতি থাকলে একজন হজযাত্রীকে ঘণ্টার পর ঘণ্টা অনিশ্চয়তার মধ্যে অপেক্ষা করতে হয়। এই বাস্তব সমস্যা সমাধানে মাল্টি-এজেন্সি কোঅর্ডিনেশন বা বহুমুখী সংস্থার মধ্যে কার্যকর সমন্বয়ের কোনো বিকল্প নেই বলে আলোচকরা মত প্রকাশ করেন।
হজযাত্রীদের ইবাদত নির্বিঘ্ন করতে এবং তাদের যাত্রা আনন্দদায়ক করতে প্রযুক্তিগত উৎকর্ষ ও সেবার মান বাড়ানোর তাগিদ দেওয়া হয়। সংশ্লিষ্টরা আশা করছেন, এবারের সম্মেলনের মাধ্যমে হজ কার্যক্রমে আরও গতি আসবে এবং হাজীদের ভোগান্তি উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে।
আরববাংলা টিভি/ডেস্ক