ভারতের মহারাষ্ট্রে সদ্য পাস হওয়া ধর্মীয় স্বাধীনতা আইনের অধীনে দায়ের হওয়া একটি চাঞ্চল্যকর মামলায় আগাম জামিন পেয়েছেন এক মুসলিম যুবক। ২২ বছর বয়সি এক হিন্দু নারীকে বিয়ে করার পর জোরপূর্বক ধর্মান্তরিত করার মিথ্যা অভিযোগে ওই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। ভারতীয় সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আইনজীবী। আইন বিশেষজ্ঞদের মতে, এই রায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং বর্তমান সামাজিক প্রেক্ষাপটে ব্যক্তিগত স্বাধীনতার সুরক্ষায় একটি বড় মাইলফলক হিসেবে কাজ করবে।
ঘটনার বিবরণ অনুযায়ী, ওই মুসলিম যুবকের সঙ্গে হিন্দু তরুণীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল এবং পরবর্তীতে তারা নিজেদের ইচ্ছায় ও প্রাপ্তবয়স্ক হিসেবে আইনগতভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে বিয়ের পরেই স্থানীয় একটি উগ্রবাদী সংগঠনের পক্ষ থেকে অভিযোগ তোলা হয় যে, ওই যুবক জোরপূর্বক তরুণীকে ধর্মান্তরিত করেছেন। এই অভিযোগের ভিত্তিতে মহারাষ্ট্রের কঠোর ধর্মান্তরবিরোধী আইনের নতুন ধারায় মামলা রুজু করা হয়। পুলিশি হয়রানি ও গ্রেফতার এড়াতে যুবকের পক্ষে উচ্চ আদালতে আগাম জামিনের আবেদন করা হয়। আদালত উভয় পক্ষের শুনানি শেষে যুবকের আগাম জামিন মঞ্জুর করেন।
আইনজীবী মহলের মতে, এই মামলার রায় দেশের অন্যান্য অঞ্চলেও ব্যক্তিগত পছন্দ ও স্বাধীনভাবে জীবনসঙ্গী নির্বাচনের অধিকারকে সুরক্ষিত রাখতে সহায়তা করবে। সাম্প্রতিক সময়ে এই ধরনের আইনের অপব্যবহার নিয়ে বিভিন্ন মানবাধিকার সংগঠন উদ্বেগ প্রকাশ করে আসছে। বর্তমান এই পরিস্থিতিতে যুবকের জামিন পাওয়ার ঘটনাটি বিচার বিভাগের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় করবে বলে মনে করছেন সচেতন নাগরিক সমাজ ও আইজীবীরা।
আরববাংলা টিভি