হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়রানি, লাগেজ ব্যবস্থাপনায় অবহেলা ও টিকিট বিক্রিতে অনিয়ম- একাধিক অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠানসংক্রান্ত সংসদীয় কমিটি। একই সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৭৮৩ কোটি টাকার ১১১টি অডিট আপত্তি দ্রুত নিষ্পত্তির সুপারিশ করেছে এই সংসদীয় কমিটি।
সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে বিমান খাতের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে উপস্থিত সংসদ সদস্যরা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার কঠোর সমালোচনা করেন। তারা বলেন, যাত্রীদের সেবার মান বাড়াতে না পারলে জাতীয় পতাকাবাহী এই প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রাখা সম্ভব নয়। বিশেষ করে লাগেজ পেতে দীর্ঘ সময় অপেক্ষা এবং টিকিট সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেওয়া হয়।
বৈঠক সূত্রে আরও জানা যায়, অতীতে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে যে লুটপাট ও দুর্নীতি হয়েছিল, তার প্রভাব বিমান বাংলাদেশ এয়ারলাইনসেও পড়েছে। দীর্ঘদিন ধরে জমে থাকা অডিট আপত্তিগুলো দ্রুত নিষ্পত্তি করার মাধ্যমে স্বচ্ছতা ফিরিয়ে আনার ওপর জোর দেন কমিটির সদস্যরা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অচিরেই এসব অনিয়মের বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক