ভারতে বাংলাদেশি পর্যটক আসা কমেছে রেকর্ড পরিমাণ। এতে চরম ধস নেমেছে কলকাতার হাসপাতাল ও পর্যটন ব্যবসায়। এ নিয়ে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে কলকাতার ব্যবসায়ীদের মধ্যে। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক পটপরিবর্তন এবং ভিসা প্রক্রিয়ায় কড়াকড়ির ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এক সময় চিকিৎসা, কেনাকাটা কিংবা ভ্রমণের উদ্দেশ্যে প্রতিদিন হাজার হাজার বাংলাদেশি কলকাতা আসতেন। নিউ মার্কেট, পার্ক স্ট্রিট কিংবা এসপ্ল্যানেডের হোটেল ও বিপণন কেন্দ্রগুলোতে সবসময় বাংলাদেশিদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যেত। এছাড়া দিল্লি, চেন্নাই বা বেঙ্গালুরুর বড় বড় চিকিৎসালয়গুলোতেও প্রচুর বাংলাদেশি রোগী চিকিৎসা নিতে যেতেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই সংখ্যা নেমে এসেছে আশঙ্কাজনক হারে।
পরিস্থিতি পর্যালোচনায় দেখা গেছে, কলকাতার অনেক চিকিৎসক ও নার্সিং হোম মূলত বাংলাদেশি রোগীদের ওপর নির্ভরশীল ছিলেন। একইভাবে হোটেল ও পর্যটন খাতের বড় একটি আয়ের উৎস ছিলেন বাংলাদেশ থেকে যাওয়া পর্যটকরা। এই আকস্মিক ধসের কারণে স্থানীয় অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে বলে ব্যবসায়ীরা গণমাধ্যমকে জানান। তারা আশা করছেন, দুই দেশের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের উন্নয়ন ঘটলে অচিরেই এই সংকট কাটবে এবং পর্যটক প্রবাহ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।
আরববাংলা টিভি/ডেস্ক