মণ্ডপ থেকে বিসর্জনস্থল, চলাচলের পথ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম—দুর্গাপূজার নিরাপত্তায় এবার বহুমাত্রিক প্রস্তুতি নিয়েছে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীর প্রতিটি পূজামণ্ডপ সিসিটিভির আওতায় আনা এবং দায়িত্বপ্রাপ্ত মণ্ডপ ইনচার্জদের বডিওর্ন ক্যামেরা ব্যবহারের পরিকল্পনা করা হয়েছে। সোয়াট, ক্রাইসিস রেসপন্স টিমসহ বিশেষায়িত বাহিনীগুলোকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে যাতে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চপর্যায়ের বৈঠকে জানানো হয়েছে যে, দেশের প্রায় চৌত্রিশ হাজার পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে এবার নজিরবিহীন পদক্ষেপ নেওয়া হয়েছে। গোয়েন্দা সংস্থাগুলোর নজরদারি বাড়ানোর পাশাপাশি সাইবার দুনিয়ায় গুজব প্রতিরোধেও বিশেষ টিম কাজ করছে। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে এবং উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপিত হতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন।
উল্লেখ্য, বিগত বছরগুলোতে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে বিভিন্ন সময় পূজামণ্ডপে হামলার ঘটনা ঘটলেও বর্তমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে যে, সকলের সম্মিলিত সহযোগিতায় অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন হবে।
আরববাংলা টিভি/ডেস্ক