পাবনার ভাঙ্গুড়ায় রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে সামিউল ইসলাম (১০) নামের এক স্কুলছাত্র মর্মান্তিক মৃত্যুবরণ করেছে। তবে এই ভয়াবহ দুর্ঘটনায় তার বড় ভাই সাকিব (১২) রেলব্রিজের রেলিং ধরে ঝুলে থেকে অলৌকিকভাবে প্রাণে বেঁচে যায়। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল পৌনে পাঁচটার দিকে ঈশ্বরদী-ঢাকা রেলপথের উপজেলার বড়াল রেলব্রিজের ওপর এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই ভাই বিকেলে বড়াল রেলব্রিজের ওপর দিয়ে হাঁটার সময় হঠাৎ ট্রেন চলে আসে। ট্রেনটি খুব কাছাকাছি চলে আসায় তারা চরম বিপদে পড়ে। বড় ভাই সাকিব কোনোমতে রেলব্রিজের লোহার রেলিং শক্ত করে ধরে ঝুলে থাকতে সক্ষম হয়। কিন্তু ছোট ভাই সামিউল ট্রেনের ধাক্কায় নিচে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সামিউলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই আকস্মিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারে চলছে মাতম।
স্থানীয় এলাকাবাসী জানান, রেলব্রিজ দিয়ে নিয়মিত পথচারী ও শিশুরা ঝুঁকি নিয়ে চলাচল করে থাকে। এর আগেও এ ধরনের দুর্ঘটনা ঘটেছে। প্রশাসনের পক্ষ থেকে বারবার সতর্ক করা হলেও সাধারণ মানুষ সচেতন হচ্ছে না। এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।
আরববাংলা টিভি/ডেস্ক