বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ ১:৩৩ পূর্বাহ্ণ

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গোটা প্রেস ক্লাব প্রাঙ্গণকে বর্ণিল আলোয় আলোকসজ্জিত করা হয়। ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে গত ৭ অক্টোবর থেকে নানা আকর্ষণীয় কর্মসূচির আয়োজন করা হয়, যা সাংবাদিকদের মিলনমেলায় পরিণত হয়।

সন্ধ্যায় কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর মূল উৎসবের শুভ সূচনা করা হয়। এ সময় ক্লাবের জ্যেষ্ঠ সদস্য, কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দসহ দেশের বরেণ্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আনন্দঘন মুহূর্তে বক্তারা বলেন, জাতীয় প্রেস ক্লাব দীর্ঘ সাত দশকেরও বেশি সময় ধরে দেশের মুক্ত সাংবাদিকতা, গণতন্ত্র রক্ষা এবং পেশাজীবী অধিকার আদায়ের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আগামী দিনেও সত্য প্রকাশ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে এই প্রতিষ্ঠান আপসহীন থাকবে বলে আশা প্রকাশ করেন তারা।

উল্লেখ্য, তৎকালীন পূর্ব পাকিস্তানের সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষা ও একটি অভিন্ন প্ল্যাটফর্ম তৈরির লক্ষে ১৯৫৪ সালে জাতীয় প্রেস ক্লাব প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই নানা চড়াই-উতরাই পেরিয়ে এই প্রতিষ্ঠানটি স্বাধীন সাংবাদিকতার প্রতীক হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে। প্রতিষ্ঠাবার্ষিকীর দিনটিতে দেশের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত হয়ে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং প্রেস ক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD