ভারতের রাজধানী দিল্লির কেন্দ্রস্থলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের কাছের একটি এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে শত শত পরিবারের ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এই আকস্মিক ও কঠোর পদক্ষেপে গৃহহীন হয়ে পড়েছে সাধারণ মানুষ, যাদের অনেকেই দীর্ঘকাল ধরে সেখানে বসবাস করে আসছিলেন। তবে এত ধ্বংসযজ্ঞ ও বুলডোজারের তাণ্ডবের মধ্যেও সম্পূর্ণ অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে শতবর্ষী একটি ঐতিহাসিক মসজিদ।
স্থানীয় বাসিন্দারা গণমাধ্যমকে জানান, যে মসজিদের পাশে বড় হয়েছি, সেখান থেকেই আজ উচ্ছেদ হতে হয়েছে। উচ্ছেদ হওয়া এলাকার মানুষ অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন। তাদের দাবি, কোনো ধরনের পর্যাপ্ত পুনর্বাসনের ব্যবস্থা না করেই এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে, যা মানবাধিকারের চরম লঙ্ঘন।
বিশ্লেষকদের মতে, এই ধরনের উচ্ছেদ অভিযান দিল্লির কেন্দ্রস্থলে বসবাসকারী প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রাকে আরও দুর্বিষহ করে তুলছে। একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের নিকটবর্তী এলাকার আধুনিকায়ন ও নিরাপত্তা জোরদার করার প্রক্রিয়া চলছে, অন্যদিকে এর বলি হচ্ছেন সাধারণ ও দরিদ্র মানুষ। ধ্বংসস্তূপের মধ্যে একা দাঁড়িয়ে থাকা সেই মসজিদটি যেন আজ বিগত দিনের স্মৃতি আর মানুষের বঞ্চনার নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।
আরববাংলা টিভি/ডেস্ক