প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে দক্ষ চালক তৈরি করলে প্রশিক্ষণকেন্দ্রগুলোকে পুরস্কৃত করা হবে। এ লক্ষ্যে আগামী তিন মাস পর এই প্রশিক্ষণের অগ্রগতি দেখা হবে।
এ ক্ষেত্রে নারীদেরও প্রশিক্ষণের আওতায় আনার ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী জানান, বৈশ্বিক শ্রমবাজারে ড্রাইভিং খাতের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই চাহিদাকে কাজে লাগাতে দেশের তরুণ সমাজকে যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা সময়ের দাবি। দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে চালক তৈরির প্রশিক্ষণ কার্যক্রম চললেও মানের দিক থেকে আরও উৎকর্ষ সাধন জরুরি হয়ে পড়েছে।
মন্ত্রী আরও উল্লেখ করেন, দক্ষ মানবসম্পদ রপ্তানির মাধ্যমেই কেবল রেমিট্যান্স প্রবাহ আরও সুদৃঢ় করা সম্ভব। অতীতে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে বৈদেশিক কর্মসংস্থান খাতে বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনা তৈরি হয়েছিল। তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেই ধারা পরিবর্তন করে একটি স্বচ্ছ ও জনকল্যাণমুখী শ্রমবাজার গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।
বিশেষ করে নারীদের ড্রাইভিং পেশায় সম্পৃক্ত করার মাধ্যমে কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। প্রশিক্ষণকেন্দ্রগুলোকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী তিন মাস পর প্রতিটি প্রতিষ্ঠানের কাজের মূল্যায়ন করা হবে এবং যারা ভালো করবে তাদের যথাযথ পুরস্কৃত করা হবে। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে দক্ষ চালকদের অবদান রাখার ওপরও তিনি বিশেষ জোর দেন।
আরববাংলা টিভি/ডেস্ক