বিদ্যুৎ সাশ্রয় এবং বাসাবাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ বা রুফটপ সোলার স্থাপনের ব্যবহার বাড়াতে কুমিল্লার লাকসামে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা আয়োজিত হয়। সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বর্তমান সময়ে ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতে এবং টেকসই জ্বালানি নিশ্চিত করার লক্ষে সরকারের নবায়নযোগ্য জ্বালানি খাতের সম্প্রসারণের অংশ হিসেবে এই সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা বলেন, দেশের বর্তমান বিদ্যুৎ সংকট মোকাবিলায় এবং পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারে রুফটপ সোলার অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখতে পারে। বাসাবাড়ি, বাণিজ্যিক ভবন ও শিল্প কারখানার ছাদে এই সোলার সিস্টেম স্থাপন করলে জাতীয় বিদ্যুতের ওপর চাপ অনেকাংশেই কমে যাবে।
উল্লেখ্য, বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে জ্বালানি খাতের লুটপাট ও অব্যবস্থাপনার কারণে দেশের বিদ্যুৎ খাত চরম সংকটের মুখে পড়েছিল। সেই সংকটের উত্তরণে বর্তমান সময়ে নবায়নযোগ্য জ্বালানি এবং সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে সংশ্লিষ্ট মহল। দেশের অর্থনীতিকে গতিশীল রাখতে এবং লোডশেডিংয়ের অভিশাপ থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী বলে মন্তব্য করেন স্থানীয় সচেতন নাগরিকরা।
সভায় অংশগ্রহণকারীরা লাকসাম উপজেলাজুড়ে রুফটপ সোলার প্যানেল স্থাপনে জনগণকে উদ্বুদ্ধ করার জন্য বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত নেন। এছাড়া, সোলার সিস্টেম স্থাপনে সহজ শর্তে ব্যাংক ঋণ প্রদান এবং সরকারি প্রণোদনা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়। পরিশেষে, একটি সবুজ ও পরিবেশবান্ধব লাকসাম গড়ে তোলার প্রত্যয় নিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
আরববাংলা টিভি/ডেস্ক