বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

কুড়িগ্রামে দুর্গাপূজায় ২২ বিজিবির বিশেষ নজরদারি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ ১০:১৯ অপরাহ্ণ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুড়িগ্রামের সীমান্তবর্তী ও বিভিন্ন এলাকায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উৎসবমুখর পরিবেশে হিন্দু সম্প্রদায়ের বড় এই ধর্মীয় উৎসব উদযাপনের লক্ষে ২২ বিজিবির পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা কৌশল। এর অংশ হিসেবে জেলার বিভিন্ন পূজামণ্ডপ নিয়মিত পরিদর্শন, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ শুরু হয়েছে।

কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২ বিজিবি) পক্ষ থেকে জানানো হয়েছে, পূজাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা সৃষ্টি হতে না পারে, সেজন্য অতিরিক্ত টহল দল মোতায়েন করা হয়েছে। বিশেষ করে সীমান্ত এলাকার পূজামণ্ডপগুলোতে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। স্থানীয় পূজা উদ্‌যাপন কমিটির নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে বিজিবি সদস্যরা।

সাংবাদিকদের এক ব্রিফিংয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থানীয় দায়িত্বশীল ব্যক্তিরা জানান, জনগণের জানমালের নিরাপত্তা বিধান এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সরকার ও প্রশাসন সর্বাত্মক সচেষ্ট রয়েছে। দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সাধারণ মানুষের মনে স্বস্তি ফিরিয়ে আনা হয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ বাহিনী একযোগে কাজ করে যাচ্ছে।

উল্লেখ্য, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে বিভিন্ন সময় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা ও নানা চক্রান্তের ঘটনা ঘটেছিল। তবে বর্তমান প্রেক্ষাপটে ফ্যাসিস্ট শক্তির যে কোনো ধরনের অপচেষ্টা নস্যাৎ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে যে, সকলের সম্মিলিত প্রচেষ্টায় কুড়িগ্রাম জেলায় অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD