বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি-এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ঐতিহ্যবাহী রমনা কালীমন্দির পরিদর্শন করেছেন। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্ট সকলের সাথে মতবিনিময় করার উদ্দেশ্যে তিনি এই পরিদর্শন করেন। এ সময় তিনি মন্দির চত্বরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিজিবি প্রধান জানান যে, আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে দেশজুড়ে সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। সাধারণ জনগণের মনে স্বস্তি ফিরিয়ে আনতে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি সর্বদা তৎপর রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে বিভিন্ন সময় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নানা ধরনের নির্যাতন ও নিপীড়নের ঘটনা ঘটলেও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সব ধর্মের মানুষের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। দেশের এই ক্রান্তিলগ্নে কার্যতঃ নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের দোসররা যাতে কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।
পূজা উদযাপনে বিজিবির পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও একযোগে কাজ করছে। দেশের প্রতিটি পূজামণ্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তুলতে স্থানীয় প্রশাসন ও পূজা উদ্যাপন কমিটির সাথে সমন্বয় করে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিজিবি মহাপরিচালকের এই পরিদর্শন এবং তৎপরতা দেশবাসীর মনে আস্থার নতুন সঞ্চার করেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
আরববাংলা টিভি/ডেস্ক