বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন

ঢাকাকে দুর্নীতিমুক্ত ও টেকসই করতে চাই: মারুফ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ ৬:৫৫ পূর্বাহ্ণ

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী শেখ ফজলুল করীম মারুফ বলেছেন, স্বাধীনতার পর থেকে যারা ঢাকা সিটি করপোরেশনে দায়িত্ব পালন করেছেন, তারা নির্ধারিত বাজেটের অর্থ সাধারণ জনগণের কল্যাণে ব্যয় না করে নিজেদের আখের গোছাতে ব্যস্ত ছিলেন। তারা দুর্নীতির মাধ্যমে নিজেদের আখের গোছাতে গিয়ে তিলে তিলে ঢাকাকে বাসযোগ্যতাহীন এক নগরীতে পরিণত করেছেন। বিশেষ করে ঢাকা সিটি করপোরেশনে অতীতে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের মদদপুষ্ট ব্যক্তিরাই দায়িত্বে থেকে অনিয়ম ও লুটপাট চালিয়ে গেছে।

তিনি আরও বলেন, বিগত দিনের ব্যর্থ শাসনামলে তৎকালীন ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের মন্ত্রী-নেতারা সিটি করপোরেশনের তহবিল লুট করে বিদেশে পাহাড় সমান সম্পদ গড়েছে। অথচ রাজধানীর সাধারণ মানুষ সামান্য নাগরিক সুবিধা থেকেও বঞ্চিত থেকেছে। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই জলমুদ্ধতা, ভাঙাচুরা রাস্তাঘাট এবং যত্রতত্র ময়লার স্তূপে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠলেও সিটি করপোরেশন কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।

মেয়র প্রার্থী শেখ ফজলুল করীম মারুফ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, আসন্ন নির্বাচনে জনগণ যদি তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায় এবং আমাদের প্রতীক হাতপাখাকে বিজয়ী করে, তবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একটি জবাবদিহিমূলক, দুর্নীতিমুক্ত ও টেকসই উন্নয়নের শক্ত ভিত্তি গড়ে তোলা হবে। নাগরিকদের প্রতিটি পয়সার সঠিক ব্যবহার নিশ্চিত করা হবে এবং ঢাকাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে আমরা অঙ্গীকারবদ্ধ।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD