সামুদ্রিক নিরাপত্তা ও নৌপথের অবাধ চলাচল নিশ্চিত করতে জোটের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে জেদ্দায় বৈঠক করেছে ৪১ দেশের নৌবাহিনীর প্রতিনিধিরা। বৃহস্পতিবার সৌদি আরবের জেদ্দায় বহুজাতিক কম্বাইন্ড মেরিটাইম ফোর্সেস (সিএমএফ) জোটের চতুর্থ পরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত হয়। গণমাধ্যমকে জানান সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এই বৈঠকে প্রধান আলোচ্য বিষয় ছিল আন্তর্জাতিক জলসীমায় নিরাপত্তা জোরদার করা এবং বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করা। বৈশ্বিক বাণিজ্যের একটি বড় অংশ সমুদ্রপথের ওপর নির্ভরশীল হওয়ায় বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে এই ধরনের জোটগত সহযোগিতার গুরুত্ব অপরিসীম বলে মন্তব্য করেন বিশেষজ্ঞরা। অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধিরা নিজেদের মধ্যে গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং যৌথ টহল আরও বাড়ানোর বিষয়ে একমত হয়েছেন।
উল্লেখ্য, কম্বাইন্ড মেরিটাইম ফোর্সেস বা সিএমএফ বিশ্বের অন্যতম বড় বহুজাতিক নৌজোট, যা মধ্যপ্রাচ্যসহ গুরুত্বপূর্ণ সামুদ্রিক অঞ্চলে সন্ত্রাস দমন, চোরাচালান রোধ এবং জলদস্যুতা দমনে কাজ করে থাকে। জেদ্দার এই বৈঠকে কৌশলগত অংশীদারিত্ব আরও সুদৃঢ় করার পাশাপাশি ভবিষ্যতের সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় একটি যৌথ কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আরববাংলা টিভি/ডেস্ক