যশোরের চৌগাছায় তানজিলা অটো ব্রিকসের গরুর ফার্ম থেকে গোলাম রসুল (৬০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার যশোর-চৌগাছা সড়কের কড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে। গোলাম রসুল দীর্ঘদিন ধরে ওই ফার্মে কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন এবং অত্যন্ত নিষ্ঠার সাথে নিজের কাজ পরিচালনা করতেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ঘটনার দিন সকালে ফার্মের কাজে কোনো সাড়াশশব্দ না পেয়ে আশেপাশের লোকজনের সন্দেহ হয়। পরে তারা ভেতরে গিয়ে গোলাম রসুলের নিথর দেহ পড়ে থাকতে দেখেন এবং দ্রুত বিষয়টি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে চৌগাছা থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাংবাদিকদের জানান, খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ দল পাঠিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনের জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে মৃত্যুর আসল কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে এবং সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ জানিয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক