পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি মসজিদের কাছে ভয়াবহ এক বিস্ফোরণে অন্তত ১৫ জন সাধারণ মানুষ নিহত হয়েছেন। এই মর্মান্তিক ঘটনায় আহত হয়েছেন ৫০ জনেরও বেশি মানুষ, যাদের মধ্যে বেশ কয়েকজন পুলিশ সদস্যও রয়েছেন। নিরাপত্তা বাহিনী ও স্থানীয় প্রশাসন পুরো এলাকা ঘিরে ফেলে উদ্ধারকাজ পরিচালনা করছে।
ডিিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স (ডিএইচকিউ) হাসপাতালের চিকিৎসক তাহির আলী শাহ গণমাধ্যমকে জানান, বিস্ফোরণের পর তাৎক্ষণিকভাবে হাসপাতালে ১৫ জনের লাশ এবং ৫০ জনেরও বেশি আহত ব্যক্তিকে আনা হয়েছে। চিকিৎসকরা আহতদের দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত করতে কাজ করছেন। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে আশপাশের কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটেছে। বিশেষ করে উপজাতীয় এবং সংবেদনশীল সীমান্তবর্তী এলাকাগুলোতে এ ধরনের হামলার ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনার নেপথ্যে থাকা উগ্রপন্থী গোষ্ঠীগুলোকে দমনে চিরুনি অভিযান শুরু করেছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা সংস্থাগুলো আরও তৎপর হয়েছে বলে জানা গেছে।
আরববাংলা টিভি/ডেস্ক