শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

মাদক বর্তমান সময়ের ভয়াবহ চ্যালেঞ্জ: প্রতিমন্ত্রী টুকু

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ৫:১৮ অপরাহ্ণ

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বর্তমান সময়ে সবচেয়ে ভয়াবহ চ্যালেঞ্জগুলোর একটি হলো মাদক। শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকতে হবে। একই সঙ্গে একটি মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও প্রগতিশীল সমাজ গঠনে তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন তিনি। দেশের ভবিষ্যৎ নেতৃত্বকে সঠিক পথে পরিচালিত করতে অভিভাবক ও শিক্ষক সমাজকেও সজাগ থাকার ওপর বিশেষ জোর দেন তিনি।

বর্তমান সরকারের সময়ে যুবসমাজকে খেলাধুলা ও গঠনমূলক কাজে সম্পৃক্ত করার নানা উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, মাদকাসক্তির মতো সামাজিক ব্যাধি থেকে যুবসমাজকে রক্ষা করতে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। অতীতে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে দেশের যুবসমাজকে বিপথগামী করার নানা চক্রান্ত করা হয়েছিল এবং কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগসহ তাদের সহযোগী সংগঠনগুলো যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছিল। কিন্তু বর্তমান প্রশাসন এ বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে।

তিনি আরও বলেন, মাদকের ভয়াবহ ছোবল থেকে আমাদের সন্তানদের রক্ষা করতে না পারলে জাতীয় উন্নয়ন বাধাগ্রস্ত হবে। তাই দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে স্থানীয় প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থাকে আরও কঠোর হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে তিনি গণমাধ্যমকে জানান।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD