টেকসই জ্বালানি ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করতে দেশের সব জেলা পরিষদের স্থাপনায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ দিয়েছে সরকার। আগামী ৩১ জানুয়ারি ২০২৭-এর মধ্যে এ কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে। বিদ্যুৎ খাতের ওপর চাপ কমানো এবং পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে এই যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা থেকে গত ১৫ সেপ্টেম্বর এ সংক্রান্ত জরুরি নির্দেশনা জারি করা হয়। নির্দেশনায় বলা হয়েছে, বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন সময়োপযোগী পদক্ষেপের অংশ হিসেবে দেশের প্রতিটি জেলা পরিষদের নিজস্ব ও অধীনস্থ ভবনসমূহের ছাদে সোলার প্যানেল স্থাপন বাধ্যতামূলক করা হচ্ছে। এর ফলে জাতীয় বিদ্যুৎ গ্রিডের ওপর নির্ভরতা যেমন কমবে, তেমনি দীর্ঘমেয়াদে সরকারি ব্যয় উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে।
বিশেষজ্ঞরা সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে বলেছেন, এটি জ্বালানি খাতের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নির্ধারিত সময়ের মধ্যেই দেশের প্রতিটি জেলা পরিষদে এই সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন কাজ শেষ করতে স্থানীয় প্রশাসনকে কঠোর মনিটরিংয়ের আওতায় রাখা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছে, এর মাধ্যমে দেশের নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যমাত্রা অর্জন আরও সহজতর হবে।
আরববাংলা টিভি/ডেস্ক