জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ডেমোক্রেটিক রিপাবলিক (ডিআর) কঙ্গোর উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ বিমান বাহিনীর ১১১ জন সদস্য। বুধবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাতিসংঘের ভাড়া করা বিশেষ বিমানে করে তারা কঙ্গোর উদ্দেশ্যে রওনা হন। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর এই কন্টিনজেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বলে সংশ্লিষ্ট সূত্র গণমাধ্যমকে জানান।
বিদায়ী এই দলের সদস্যরা বিমান বাহিনীর বিভিন্ন পদের দক্ষ ও পেশাদার কর্মকর্তা এবং বিমানসেনা। কঙ্গোয় যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে শান্তি শৃঙ্খলা বজায় রাখা, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং বিভিন্ন মানবিক কার্যক্রমে অংশ নেবে এই দলটি। এর আগে বিমান বাহিনী প্রধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা কঙ্গোগামী এই সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশ দেন।
উল্লেখ্য, আন্তর্জাতিক অঙ্গনে শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ দীর্ঘ দিন ধরে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের সশস্ত্র বাহিনী ও পুলিশ সদস্যদের সাহসিকতা এবং দক্ষতা জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। কঙ্গোয় নতুন যাওয়া এই দলটির সাফল্য কামনা করে বিমানবন্দরে এক বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।
আরববাংলা টিভি/ডেস্ক