যশোরের বেনাপোলের পেঁচের বাওড় এলাকায় প্রায় ১০ বছর ধরে চায়ের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করছেন ভূমিহীন নারী শীউলী খাতুন। দীর্ঘ এই সময়ে এই ক্ষুদ্র ব্যবসাটিই ছিল তাঁর একমাত্র অবলম্বন, যার মাধ্যমে তিনি কোনোমতে নিজের ও পরিবারের অন্নসংস্থান করে আসছিলেন। কিন্তু সম্প্রতি একটি প্রভাবশালী মহলের পক্ষ থেকে তাঁকে দোকান থেকে উচ্ছেদ করার হুমকি দেওয়া হচ্ছে, যার ফলে তাঁর জীবন ও জীবিকা চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শীউলী খাতুন অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান এবং তাঁর নিজস্ব কোনো জমি বা মাথা গোঁজার ঠাঁই নেই। পেঁচের বাওড় পাড়ের খাস জমিতে ছোট একটি টিনের ঘরে চায়ের দোকান দিয়ে তিনি বছরের পর বছর ধরে সততার সঙ্গে সংসার চালিয়ে আসছেন। অথচ বর্তমান পরিস্থিতিতে স্থানীয় প্রভাবশালীরা তাঁর ওপর নানাভাবে চাপ সৃষ্টি করছে। আকস্মিক এই উচ্ছেদ আতঙ্কে দিন কাটছে তাঁর। রাতে ঠিকমতো ঘুমাতে পারছেন না, সবসময় এক অজানা আশঙ্কায় ভুগে তাঁর দিনকাল পার হচ্ছে।
গণমাধ্যমকে জানান শীউলী খাতুন, এই দোকানটিই আমার শেষ সম্বল। ১০ বছর ধরে তিলে তিলে এটি দাঁড় করিয়েছি। এখান থেকে আমাকে তুলে দিলে আমার যাওয়ার আর কোনো জায়গা নেই, না খেয়ে মরতে হবে। এমতাবস্থায় তিনি সরকারের সংশ্লিষ্ট মহলের হস্তক্ষেপ কামনা করেছেন। ভূমিহীন এই নারী যেন নিরাপদে তাঁর জীবিকা নির্বাহ করে বেঁচে থাকতে পারেন, সে বিষয়ে প্রশাসনের জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসীও।
আরববাংলা টিভি/ডেস্ক