সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

ক্যাটরিনার ঘন চুলের রহস্য শাশুড়ির তৈরি বিশেষ তেল

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩ জুন, ২০২৬ ১:৫৯ অপরাহ্ণ

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের লম্বা, ঘন ও উজ্জ্বল চুল নিয়ে নতুন করে আলোচনায় নেট দুনিয়া। মা হওয়ার পর কিছুদিন আলোচনার বাইরে থাকলেও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা তার পারিবারিক মুহূর্তের ছবিগুলো ভক্তদের নজর কাড়ে। স্বামী ভিকি কৌশল ও সন্তানের সঙ্গে সেই ছবিগুলোর পাশাপাশি সবচেয়ে বেশি নজর কাড়ে ক্যাটরিনার ঘন ও ঝলমলে চুল।

অনেকেই তার এই চুলের রহস্য জানতে চাইলেও ক্যাটরিনা জানিয়েছেন, এর পেছনে কোনো দামি পার্লার ট্রিটমেন্ট নয়। বরং শাশুড়ির হাতে তৈরি এক ঘরোয়া বিশেষ তেলই তার চুলের যত্নে বড় ভূমিকা রাখে। ২০২৪ সালে এক সাক্ষাৎকারে তিনি এই ঘরোয়া উপায়ের কথা প্রকাশ করেন।

ক্যাটরিনার শাশুড়ির তৈরি এই বিশেষ তেলে থাকে কয়েকটি প্রাকৃতিক উপাদান। এর মধ্যে রয়েছে পেঁয়াজের রস, যা চুলের গোড়া শক্ত করতে এবং চুল পড়া কমাতে সাহায্য করে। পাশাপাশি থাকে আমলকি, যা ভিটামিন সি সমৃদ্ধ এবং চুলের প্রাকৃতিক রং বজায় রাখতে ও স্ক্যাল্পের পুষ্টি জোগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এছাড়া এই তেলে ব্যবহৃত হয় অ্যাভোকাডো, যা চুলের রুক্ষতা দূর করে এবং স্ক্যাল্পকে আর্দ্র ও নরম রাখতে সাহায্য করে। সব উপাদান একসঙ্গে মিশিয়ে লোহার পাত্রে দীর্ঘ সময় ধরে হালকা আঁচে ফুটিয়ে এই তেল তৈরি করা হয়। লোহার পাত্রে তৈরি হওয়ায় তেলের পুষ্টিগুণ আরও বৃদ্ধি পায়।

তবে ক্যাটরিনা শুধু এই তেলের ওপরই নির্ভর করেন না। তিনি জানিয়েছেন, দৈনন্দিন জীবনে তিনি খুবই সাধারণ রুটিন মেনে চলেন। সংবেদনশীল ত্বকের কারণে তিনি ভারী কেমিক্যাল প্রোডাক্ট বা বেশি মেকআপ এড়িয়ে চলেন, যা তার চুল ও ত্বকের স্বাভাবিক সৌন্দর্য ধরে রাখতে সাহায্য করে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD