কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষার জন্য নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। মরদেহগুলো আগুনে মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় চেহারা দেখে শনাক্ত করা সম্ভব হচ্ছে না। এই প্রক্রিয়া সম্পন্ন করতে এবং চূড়ান্ত প্রতিবেদন পেতে অন্তত তিন থেকে চার সপ্তাহ সময় লাগবে বলে সংশ্লিষ্ট চিকিৎসকরা গণমাধ্যমকে জানান।
গত কয়েকদিন আগে ইনানীর ওই পর্যটন রিসোর্টে হঠাৎ করেই এই মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আটকা পড়ে ১০ জন পর্যটক প্রাণ হারান। ঘটনার পর ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং দগ্ধ মরদেহগুলো উদ্ধার করে। তবে পুড়ে যাওয়ায় মৃতদেহগুলোর অবয়ব সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।
উদ্ধারকৃত মরদেহগুলোর ময়নাতদন্ত ও ডিএনএ প্রোফাইলিংয়ের জন্য প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে ফরেনসিক বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে নিহতদের স্বজনদের রক্ত ও চুলসহ অন্যান্য নমুনা সংগ্রহ করা হয়। এই নমুনাগুলো সিআইডির ডিএনএ ল্যাবে পাঠানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সদস্যদের ডিএনএর সাথে মৃতদেহগুলোর ডিএনএ মিলিয়ে নিশ্চিত হওয়ার পরেই মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা সম্ভব হবে।
এই মর্মান্তিক দুর্ঘটনার পর পর্যটন এলাকায় নিরাপত্তা ও অগ্নিকাউণ্ড প্রতিরোধ ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। স্থানীয় প্রশাসন ও পর্যটন ব্যবসায়ীরা এ বিষয়ে আরও সতর্ক হওয়ার ওপর জোর দিয়েছেন। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যা বর্তমানে কাজ করে যাচ্ছে। স্বজনরা অধীর আগ্রহে তাদের প্রিয়জনদের পরিচয় নিশ্চিত হওয়ার অপেক্ষায় দিন কাটাচ্ছেন।
আরববাংলা টিভি/ডেস্ক