সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

রাশিয়ার যুদ্ধে প্রাণ গেল কুমিল্লার সাগরের

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ ২:২৯ অপরাহ্ণ

রাশিয়াতে মাসে প্রায় ৭০ হাজার টাকা বেতনে বেকারিতে কাজ করতেন কুমিল্লার চান্দিনার যুবক মো. সাগর (২৪)। এরই মধ্যে এক বাংলাদেশি দালাল তাকে রাশিয়ার সেনাবাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে এককালীন ৩০ লাখ টাকা দেওয়ার প্রলোভন দেখান। সেই প্রলোভনে পড়ে বেকারির চাকরি ছেড়ে যুদ্ধে যোগ দেন সাগর। শেষ পর্যন্ত এই লোভের বলি হতে হলো তরুণ এই যুবককে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ভয়াবহতার মধ্যে পরে তার প্রাণহানির ঘটনা ঘটে।

নিহত সাগরের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বিদেশে গিয়ে ভাগ্য পরিবর্তনের স্বপ্ন নিয়ে সাগর রাশিয়ায় পাড়ি জমিয়েছিলেন। সেখানে একটি বেকারিতে কাজ করে তার মোটামুটি দিনকাল চলছিল। তবে সম্প্রতি এক চক্রের ফাঁদে পড়ে তিনি সেনাবাহিনীতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। ৩০ লাখ টাকার লোভ দেখিয়ে তাকে এমন একটি ঝুঁকিপূর্ণ পথে ঠেলে দেওয়া হয়, যেখান থেকে তিনি আর জীবিত ফিরতে পারেননি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।

সাংবাদিকদের বলেছেন সাগরের পরিবারের সদস্যরা, দালালদের খপ্পরে পড়ে সাধারণ যুবকরা আজ মৃত্যুর মুখে পতিত হচ্ছেন। বিদেশে অবস্থানরত বাংলাদেশি দালাল চক্রের সদস্যরা নানা ধরনের লোভনীয় অফার দিয়ে প্রবাসীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছে। এই ঘটনার পর এলাকার মানুষের মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।

বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক শ্রমবাজার ও প্রবাসীদের সুরক্ষায় সরকারের আরও কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি। একই সঙ্গে বিদেশে অবস্থানরত অবৈধ দালাল চক্রগুলোকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা দরকার, যাতে আর কোনো সাগরকে এভাবে প্রাণ হারাতে না হয়।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD