ক্যাম্পাসে সুস্থ ধারার গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ বলেছেন, ক্যাম্পাসে গণতন্ত্র হত্যার রাজনীতি বন্ধ করুন। অন্যথায় এই তরুণরা আপনাদের মুনাফেক হিসেবে চিহ্নিত করবে। কারণ সংসদে দাঁড়িয়ে এক কথা আর বাইরে গিয়ে অন্য কথা বলা দেশের সাধারণ শিক্ষার্থী ও তরুণ সমাজ কোনোভাবেই মেনে নেবে না।
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্ররাজনীতির নামে যে দখলদারিত্ব ও জোরজুলুমের সংস্কৃতি চলে আসছে, তার তীব্র সমালোচনা করে তিনি বলেন, অতীতে স্বৈরাচারী শেখ হাসিনা এবং তার আজ্ঞাবহ কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ যেভাবে ক্যাম্পাসে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, তা এ দেশের ছাত্রসমাজ আর দেখতে চায় না। সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে এবং মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় গণতান্ত্রিক ব্যবস্থার কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেন, অতীতে যেভাবে শিক্ষাঙ্গনকে অপরাধের আখড়ায় পরিণত করা হয়েছিল, সেখান থেকে বেরিয়ে এসে একটি জ্ঞানভিত্তিক, প্রগতিশীল এবং শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে হবে। অন্যথায় সাধারণ শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে যেকোনো অন্যায়ের দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত রয়েছে। দেশের সামগ্রিক রাজনৈতিক স্থিতিশীলতা এবং ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির স্বার্থে অবিলম্বে ছাত্রসংসদগুলো কার্যকর করার এবং ক্যাম্পাসে সব দলের সহাবস্থান নিশ্চিত করার দাবি জানান তিনি।
আরববাংলা টিভি/ডেস্ক