শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

প্রশ্নফাঁসের তদন্ত কমিটিকে বাতিলের দাবি হাসনাতের

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ ৮:৩৫ অপরাহ্ণ

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ তদন্তে গঠিত কমিটিকে ‘যেমন খুশি তেমন সাজো’ আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। কমিটি বাতিলের দাবি জানিয়ে তিনি বলেছেন, যারা চুরি করে, তাদেরই চোর ধরার দায়িত্ব দেওয়া হচ্ছে।

গণমাধ্যমকে জানান, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত না করে এমন বিতর্কিত কমিটি গঠন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অতীতে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলেও নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছিল। বর্তমানেও সেই ধারা বজায় রাখার অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেন তিনি।

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের মতো গুরুতর অপরাধের সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করা জরুরি। অভিযুক্তদের রক্ষা করার জন্য গঠিত এই প্রহসনের তদন্ত কমিটি অবিলম্বে বাতিল করা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন তিনি।

উল্লেখ্য, বিগত স্বৈরাচারী শাসনব্যবস্থার দোসররা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে আছে এবং প্রশাসনকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তাদের দোসরদের এই ধরনের চক্রান্ত প্রতিহত করতে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান এনসিপি এই শীর্ষ নেতা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD