শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

নিয়োগ পরীক্ষা স্থগিত: আসিফ মাহমুদের কড়া সমালোচনা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ ২:৩৫ অপরাহ্ণ

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা হঠাৎ করে স্থগিত করার ঘটনায় তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, দেশে পুনরায় সেই পুরোনো সংস্কৃতি অর্থাৎ প্রশ্নফাঁস এবং নিয়োগ বাণিজ্যের কালো যুগ শুরু হয়ে গেছে, যা মেধার চরম অবমূল্যায়ন এবং বেকার যুব সমাজের সঙ্গে এক ধরণের প্রতারণা।

গণমাধ্যমকে দেওয়া এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আসিফ মাহমুদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশে এখনো দুর্নীতিবাজ সিন্ডিকেটগুলো সক্রিয় রয়েছে। তাদের কূটকৌশলের কারণেই আজ সাধারণ চাকরিপ্রার্থীরা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলের সেই দলীয়করণ ও দুর্নীতির ভূত এখনো প্রশাসন থেকে যায়নি বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও যোগ করেন, বিগত ফ্যাসিস্ট আমলে সরকারি নিয়োগ মানেই ছিল দুর্নীতি ও স্বজনপ্রীতির মহোৎসব। দেশের লাখ লাখ বেকার তরুণের স্বপ্নকে পদদলিত করে যেভাবে নিয়োগ বাণিজ্য চালানো হতো, আজকের এই ঘটনা তারই পুনরাবৃত্তি কি না—সেই প্রশ্ন আজ দেখা দিয়েছে। কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া সেই সিন্ডিকেটগুলোই এখনো প্রশাসনের বিভিন্ন স্তরে ঘাপটি মেরে বসে আছে এবং বারবার মেধার গলা টিপে ধরার অপচেষ্টা চালাচ্ছে।

পরীক্ষা স্থগিতের নেপথ্যে থাকা প্রকৃত দোষীদের অবিলম্বে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জোর দাবি জানান এই যুব নেতা। অন্যথায় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারিও উচ্চারণ করেন তিনি। একই সঙ্গে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে অতি দ্রুত সময়ের মধ্যে নতুন তারিখ ঘোষণা করে মেধার ভিত্তিতে এই নিয়োগ সম্পন্ন করার আহ্বান জানান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD