তুরস্কের পার্লামেন্টের স্পিকার নুমান কুরতুলমুশের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। দুই দেশের মধ্যকার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে এই আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট এবং দুই দেশের ভাতৃপ্রতিম সম্পর্কের নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় বলে গণমাধ্যমকে জানান সংশ্লিষ্টরা।
বৈঠককালে ডা. শফিকুর রহমান তুরস্কের স্পিকারকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার লক্ষে জনগণের চলমান সংগ্রামের কথা তুলে ধরেন। এ সময় তিনি বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধুত্বের কথা স্মরণ করে ভবিষ্যতেও এই সুসম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া লক্ষ লক্ষ রোহিঙ্গা শরণার্থীর মানবিক সংকট নিরসনে আন্তর্জাতিক অঙ্গনে তুরস্কের জোরালো কূটনৈতিক ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
তুরস্কের পার্লামেন্টের স্পিকার নুমান কুরতুলমুশ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরকে অত্যন্ত উষ্ণ অভ্যর্থনা জানান এবং বাংলাদেশের জনগণের অগ্রযাত্রা ও সমৃদ্ধির প্রতি তুরস্কের অবিচল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্কের মানবিক সহায়তা এবং কূটনৈতিক প্রচেষ্টা ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলে আশ্বস্ত করেন। উভয় দেশের নীতিনির্ধারক ও সংসদীয় প্রতিনিধিদলের পারস্পরিক এই সফর দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে দুই নেতাই আশাবাদ ব্যক্ত করেন। এই উচ্চপর্যায়ের বৈঠকটি আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি বিশেষ তাৎপর্য বহন করছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
আরববাংলা টিভি/ডেস্ক