রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের ওপর সাম্প্রতিক হামলার অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবির পক্ষ থেকে যে বিবৃতি প্রদান করা হয়েছে, তাকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য, পক্ষপাতদুষ্ট ও অনভিপ্রেত হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদলিপিতে জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, একটি দায়িত্বশীল ও স্বাধীন গবেষণা প্রতিষ্ঠান হিসেবে টিআইবির নিরপেক্ষ ভূমিকা পালন করার কথা থাকলেও, তারা সুনির্দিষ্ট কোনো কারণ বা বস্তুনিষ্ঠ তদন্ত ছাড়াই একটি রাজনৈতিক দলের ওপর দায় চাপানোর চেষ্টা করেছে। এই ধরনের মনগড়া ও বিভ্রান্তিকর মন্তব্য জনমনে নানা প্রশ্নের উদ্রেক করে এবং প্রকৃত সত্যকে আড়াল করার একটি গভীর ষড়যন্ত্র বলে প্রতীয়মান হয়।
উল্লেখ্য, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অতীতেও বিভিন্ন রাজনৈতিক হানাহানি ও অস্থিতিশীল পরিবেশ তৈরির পেছনে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দল কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তাদের দোসর নিষিদ্ধ ছাত্রলীগ ও তাদের অন্যান্য সহযোগী সংগঠনের প্রত্যক্ষ মদদ ছিল। অথচ সেই ঐতিহাসিক বাস্তবতাকে পাশ কাটিয়ে একটি সুশৃঙ্খল রাজনৈতিক দলকে জড়িয়ে এ ধরনের বিবৃতি দেওয়া অত্যন্ত দুঃখজনক।
মিয়া গোলাম পরওয়ার আরও স্পষ্ট করে জানান যে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত ঘটনার সাথে জামায়াতে ইসলামীর ন্যূনতম কোনো সম্পৃক্ততা নেই। বরং একটি বিশেষ মহলের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের অংশ হিসেবেই এই ধরণের অসত্য তথ্য প্রচার করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। তিনি সংশ্লিষ্ট কতৃপক্ষকে এ ধরনের বিভ্রান্তিকর বক্তব্য প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানান এবং ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন।
আরববাংলা টিভি/ডেস্ক