কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীসহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি দাবি করেছেন, বর্তমান সরকারের মেয়াদে এটি এনসিপি নেতা পাটওয়ারীর ওপর পরিচালিত পঞ্চম হামলা। ভয়ভীতি দেখিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর ন্যায়সংগত কণ্ঠ কখনোই স্তব্ধ করা যাবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি।
আজ রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক গুরুত্বপূর্ণ পোস্টে নাহিদ ইসলাম এই দাবি করেন। তিনি উল্লেখ করেন যে, গণতান্ত্রিক আন্দোলন এবং জনগণের অধিকার আদায়ের লড়াইয়ে এনসিপির কেন্দ্রীয় নেতারা সবসময় রাজপথে সক্রিয় রয়েছেন। কিন্তু একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে তাদের ওপর বারবার হামলা চালিয়ে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে।
সাংবাদিকদের কাছে পাঠানো এক প্রতিক্রিয়ায় নাহিদ ইসলাম আরও বলেন, হামলা ও মামলার ভয় দেখিয়ে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের মনোবল ভাঙা যাবে না। কুষ্টিয়ার এই ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য তিনি প্রশাসনের প্রতি জোরালো দাবি জানান। অন্যথায় দেশব্যাপী তীব্র আন্দোলন গড়ে তোলার হুশিয়ারিও দেন এই এনসিপি নেতা।
আরববাংলা টিভি/ডেস্ক