শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

বিশ্বমানের পর্যটন শিল্প গড়া সরকারের অগ্রাধিকার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ৯:০৩ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের পর্যটনশিল্পকে আধুনিক, প্রযুক্তিনির্ভর, পরিবেশবান্ধব ও বিশ্বমানের শিল্পে উন্নীত করা সরকারের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার। দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে পর্যটন খাতের অপার সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকার এই খাতের সুষম বিকাশে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

আগামীকাল রোববার বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এই কথা বলেন। বাণীতে তিনি দেশের পর্যটন শিল্পের সঙ্গে জড়িত সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং খাতটির সার্বিক সাফল্য কামনা করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাণীতে আরও উল্লেখ করেন যে, প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক নিদর্শন এবং সমৃদ্ধ সংস্কৃতির দিক দিয়ে বাংলাদেশ অত্যন্ত সমৃদ্ধ। এই অমূল্য সম্পদগুলোকে সঠিকভাবে কাজে লাগিয়ে আন্তর্জাতিক পর্যটকদের আকর্ষণ করার জন্য প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। বিগত দিনে ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে লুটপাট ও অব্যবস্থাপনার কারণে এই খাতটি পিছিয়ে পড়েছিল। তবে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই দেশের পর্যটন খাতকে নতুন গতিশীলতা দেওয়ার কাজ শুরু করেছে।

তিনি সংশ্লিষ্ট অংশীজন, বেসরকারি উদ্যোক্তা এবং দেশবাসীকে একযোগে কাজ করার আহ্বান জানান যাতে বাংলাদেশ বৈশ্বিক পর্যটন মানচিত্রে একটি অন্যতম শীর্ষ গন্তব্য হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন যে, দেশের যুবসমাজকে এই খাতের সঙ্গে সম্পৃক্ত করে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD