স্বৈরাচারী শেখ হাসিনাসহ দেশের বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী সংশ্লিষ্টদের আনুষ্ঠানিকভাবে ফেরত চেয়ে অনুরোধ করা হয়েছে।
শনিবার ২৬ সেপ্টেম্বর সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এই তথ্য জানান। তিনি বলেন, দেশের বিচারব্যবস্থা ফাঁকি দিয়ে বিদেশে পালিয়ে থাকা অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না। অপরাধ যত গুরুতরই হোক না কেন, তাদের আইনের আওতায় আনতে আন্তর্জাতিক আইন ও দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির সবকটি ধারা যথাযথভাবে প্রয়োগ করা হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, কেবল স্বৈরাচারী শেখ হাসিনাই নন, বিগত সরকারের আমলে সংঘটিত বিভিন্ন আর্থিক কেলেঙ্কারি ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় অভিযুক্ত এবং আদালতের রায়ে দণ্ডপ্রাপ্ত যেসব ব্যক্তি বিদেশে পালিয়ে আছেন, তাদের তালিকা প্রস্তুত করা হয়েছে। কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে তাদের প্রত্যর্পণের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরগুলোর সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে বর্তমান সরকার।
উল্লেখ্য, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে বর্তমানে দেশের বিভিন্ন আদালতে অসংখ্য মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে বহু মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে। দেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী আইনের শাসন প্রতিষ্ঠা এবং ন্যায়বিচার নিশ্চিত করতে পলাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে বিচার করার বিষয়ে বর্তমান সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন সংশ্লিষ্ট দায়িত্বশীল মহল।
আরববাংলা টিভি/ডেস্ক