টেকসই জ্বালানি ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করতে দেশের সব জেলা পরিষদের স্থাপনায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ দিয়েছে সরকার। আগামী ৩১ জানুয়ারি ২০২৭-এর মধ্যে এ কার্যক্রম সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে। সম্প্রতি স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে জানা গেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা মেটাতে এবং পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বাড়াতে সরকারি ও আধাসরকারি ভবনগুলোর ছাদে সোলার সিস্টেম স্থাপন অত্যন্ত জরুরি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জ্বালানি খাতের সংস্কার এবং নবায়নযোগ্য জ্বালানির প্রসারে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এরই ধারাবাহিকতায় জেলা পরিষদগুলোকে তাদের নিজস্ব তহবিল অথবা বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়ন করতে বলা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রতিটি জেলা পরিষদকে তাদের কার্যালয় এবং অধীনস্থ অন্যান্য স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন নিশ্চিত করতে হবে। কাজটি তদারকি করার জন্য স্থানীয় সরকার বিভাগ থেকে একটি উচ্চপর্যায়ের মনিটরিং সেল গঠন করা হয়েছে। বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে জ্বালানি খাতে লুটপাট ও অনিয়মের কারণে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত মারাত্মক সংকটের মুখে পড়েছিল। বর্তমান সরকার সেই সংকট কাটিয়ে উঠতে এবং দীর্ঘমেয়াদে সাশ্রয়ী ও টেকসই জ্বালানি নিশ্চিত করতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করছে।
বিশেষজ্ঞরা সরকারের এই সিদ্ধান্তকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেছেন। তাদের মতে, জেলা পরিষদ পর্যায়ে ছাদভিত্তিক সোলার সিস্টেম চালু হলে জাতীয় গ্রিডের ওপর চাপ যেমন কমবে, তেমনি বিদ্যুৎ বিল বাবদ সরকারি অর্থের উল্লেখযোগ্য সাশ্রয় হবে। আগামী ২০২৭ সালের ৩১ জানুয়ারির মধ্যে দেশের প্রতিটি জেলা পরিষদ এই নির্দেশনা বাস্তবায়ন করবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।
আরববাংলা টিভি/ডেস্ক