ভারতের মধ্যপ্রদেশের সিধি জেলার রাজস্ব বিভাগের এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পানিতে ভরা একটি নালা পার হওয়ার সময় এক বৃদ্ধের পিঠে চড়ে বসা ওই কর্মকর্তার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এই প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়। জানা গেছে, বর্ষার মৌসুমে ওই এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল এবং সাধারণ মানুষের পাশাপাশি সরকারি কর্মকর্তাদেরও যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল।
তবে দায়িত্বশীল পদে থেকে একজন বয়োবৃদ্ধ নাগরিকের সাহায্য নেওয়ার এই অমানবিক দৃশ্য জনমনে তীব্র ক্ষোভের জন্ম দেয়। পরবর্তীতে ভিডিওটি ভাইরাল হলে বিষয়টি প্রশাসনের উচ্চ মহলের নজরে আসে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত তদন্ত সাপেক্ষে ওই রাজস্ব কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ জারি করে। এই ঘটনা দেশজুড়ে প্রশাসনিক দায়িত্বশীলতা এবং নৈতিকতা নিয়ে নতুন করে বিতর্কের সূচনা করেছে।
আরববাংলা টিভি/ডেস্ক